1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 27, 2026, 5:08 am

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
  • 29 Time View

কুয়াশার সঙ্গে হিমেল বাতাস, শীতের আগমনী বার্তা এখন স্পষ্ট চুয়াডাঙ্গায়। তাপমাত্রা নেমে আসায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। একদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনে শীত বাড়িয়েছে দুর্ভোগ।চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি জানান, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে। শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন তারা। শীতের এই পরিবর্তন অবশ্য নতুন কর্মব্যস্ততা তৈরি করেছে মৌসুমি খেজুর গাছিদের মধ্যে। গাছ থেকে রস আহরণের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে নল বসানোর কাজ শুরু করেছেন তারা। তাদের আশা, আর কয়েক দিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে টাটকা খেজুরের রস ও গুড়।চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের তরুণ চাষি সাদ্দাম হোসেন জানান, খেজুর গাছ তোলা তাদের পারিবারিক পেশা। তার বাবা ও দাদারা এই কাজ করতেন। এখন তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। অল্প কয়েক দিনের মধ্যে রস সংগ্রহ শুরু হবে। অন্য বছরের মতো এবারও উৎপাদিত গুড় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের বাইরেও পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে শীতের এই মৌসুমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোরের ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার তাগিদে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমছে। চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক জালাল উদ্দিন বলেন, গত দুই দিন ভোরে বাড়ি থেকে বের হলেই শরীরে কাপুনি ধরে। রাস্তায় যাত্রীও আগের তুলনায় কম। তারপরও জীবিকার প্রয়োজনে রিকশা চালাতে হচ্ছে। দিনমজুর রফিকুল ইসলাম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ কমে যায়। সকালে কেউ কাজে ডাকে না তেমন। দুপুরে রোদ ওঠার পরই মাঠে কাজে যাওয়ার সুযোগ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost