
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একসময় তিনি ফেনসিডিলের কারবার করতেন। ফেনসিডিলের দাম বৃদ্ধি ও সংকটের কারণে পরে ইয়াবা বিক্রি শুরু করেন। আগে কলেজপাড়ায় বসবাসকালে ফেনসিডিল বিক্রি করলেও বর্তমানে গোবিন্দপুর মাঠপাড়ায় নিজের বাড়ি থেকেই ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন। পুলিশের দাবি, মাদকসেবীরা ইয়াবা কিনতে তাঁর বাড়িতে গেলে ঘরের জানালা দিয়ে তা সরবরাহ করা হতো। বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার এসআই এসএম নিয়ামুল হক, এএসআই জামির আলী ও এএসআই মোদাচ্ছের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সোহেলের বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর স্ত্রী রেশমী খাতুন ও সহযোগী সম্রাটকেও গ্রেপ্তার করা হয়। অভিযানে ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply