1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 6:07 am

বরগুনায় সিডরের ১৯ বছর: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, স্বজনহারা পরিবারকে সহায়তার আশ্বাস ডিসির

বরগুনা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
  • 14 Time View

বরগুনা প্রতিনিধি: 

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পূর্ণ হলো। স্বজন হারানোর বেদনা, বসতভিটা ও জীবিকা হারানোর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন বরগুনার উপকূলীয় এলাকার অসংখ্য মানুষ। ভয়াল সেই রাতের স্মরণে বরগুনায় পালিত হয়েছে সিডর দিবস। এ উপলক্ষে স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া সিডর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।  বরগুনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, নলটোনা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সিডরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্মৃতিস্তম্ভের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মুকিত হাসান খান এবং নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম সফিকুজ্জামান মাহফুজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সিডরে স্বজন হারানো অনেক পরিবার এখনো সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। যেসব পরিবার দীর্ঘ সময় পেরিয়েও নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারেনি, তারা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। আলোচনা সভায় উপকূলীয় এলাকার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বক্তারা। নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, নলটোনা ইউনিয়নের প্রায় আট কিলোমিটার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ভাঙন ও ঝুঁকির মধ্যে রয়েছে। দুর্বল বেড়িবাঁধ দিয়ে জোয়ার ও জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবাসীর জানমাল রক্ষায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত টেকসইভাবে নির্মাণ ও সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বক্তারা উপকূলীয় এলাকায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানির ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. আজিজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট সোহেল হাফিজ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম মো. হাবিবুর রহমান। পরে সিডরে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও উপকূলবাসীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।

সিডরের ভয়াবহ ক্ষয়ক্ষতি

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে দেশের দক্ষিণাঞ্চলে। প্রায় ২৬০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া ও ১২ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জনপদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে ছিল বরগুনার পাথরঘাটা, সদর ও আমতলী উপজেলা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিডরে বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয় এবং নিখোঁজ হন ১৫৬ জন। ঝড় ও জলোচ্ছ্বাসে ৩০ হাজার ৪৯৯টি গবাদিপশু এবং ৬ লাখ ৫৮ হাজার ২৫৯টি হাঁস-মুরগি মারা যায়। জেলার ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবার কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৭৭ হাজার ৭৫৪টি পরিবার গৃহহীন হয়ে পড়ে। সিডরের পর উদ্ধার করা অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে গর্জনবুনিয়াসহ বিভিন্ন স্থানে একাধিক মরদেহ একসঙ্গে গণকবরে সমাহিত করতে হয়েছিল। আজও সেই গণকবর ও স্মৃতিস্তম্ভ বহন করছে উপকূলের নির্মম ইতিহাস। সিডরের পর দেশে ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কবার্তা প্রচার, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নানা উন্নয়ন ঘটেছে। তবে বরগুনার উপকূলীয় অনেক এলাকায় এখনো টেকসই বেড়িবাঁধের অভাব, নদীভাঙন, জলোচ্ছ্বাসের ঝুঁকি এবং সুপেয় পানির সংকট রয়ে গেছে। প্রতিবছর ১৫ নভেম্বর সিডরে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তবে উপকূলবাসীর প্রত্যাশা, শুধু স্মরণসভায় সীমাবদ্ধ না থেকে নিরাপদ জীবন নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেয়া হবে। ১৯ বছর পরও সিডরের ক্ষত উপকূলবাসীর হৃদয়ে অমলিন। তাঁদের দাবি—অতীতের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে উপকূলকে নিরাপদ করা, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost