চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুর এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় হাবিবুর রহমান (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কালিদাসপুর সাদা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার মাজিলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি মেহেরপুরের বেসরকারি সংস্থা ‘শিশু নিলয় ফাউন্ডেশন’-এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অফিস শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান। রাত সোয়া ৯টার দিকে কালিদাসপুর সাদা ব্রিজ এলাকা অতিক্রম করার সময় তিনি একই দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বেপরোয়া গতির ট্রাকটি তাকে মোটরসাইকেলসহ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে সেটিকে ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৫-১৬৫৪) জব্দ করে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহতের মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে থেঁতলে যাওয়ায় প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পকেটে থাকা পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে তার পরিচয় নিশ্চিত করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হাবিবুর রহমানের মামার বাড়ি আলমডাঙ্গার কুমারী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এখলাস উদ্দীনের নাতি এবং ফরিদপুর গ্রামের জামাল আলীর জামাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply