জীবননগরে লটাহাম্বারের ধাক্কায় প্রাণ গেলো ১০ বছরের স্কুলছাত্রীর
নিজস্ব প্রতিবেদক
Update Time :
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
17 Time View
চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ফারিহা মনোহরপুর ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে জীবননগর প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল তাসফিয়া। পথে কালা মসজিদ এলাকায় পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি লটাহাম্বার তাদের সাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে। তাসফিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সাইকেলচালক সম্রাটের একটি হাত ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। দুর্ঘটনার পরপরই লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply