1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 26, 2026, 7:22 am

হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ দুটি ভিন্ন বিষয়: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
  • 3 Time View

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনাকে ভারতের কাছে বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বিষয় হিসেবে দেখছে নয়াদিল্লি। বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘ভ্রমণ নথির মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে একটি পৃথক বিষয়।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জয়সওয়াল। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানানো হয়েছে, সেটি ভারতের প্রচলিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে নয়াদিল্লির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমি আগেও যেমন বলেছি, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ যথাযথ প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি’। ভারতের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন শেখ হাসিনার কথিত এক মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান তিনি। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় ভ্রমণ নথি দেওয়ার অনুরোধও জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।তবে শেখ হাসিনার দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি ইস্যুর বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। আরেকজনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রীর এবং বাংলাদেশ সরকারের বিষয়।’ সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে নড়াইলের মতো কিছু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই বিষয়ে ভারতের অবস্থান কি? সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বলেছেন, এসব বিষয় সেখানে সমস্যা তৈরি করছে। তিনি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জানিয়েছেন। এ নিয়ে বাংলাদেশের সাথে কি ভারতের কোনো কথাবার্তা হচ্ছে?’জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে যেসব সহিংসতার ঘটনা ঘটছে, তাতে অবশ্যই আমরা উদ্বিগ্ন। এসব ঘটনা যথাযথভাবে তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই।’ আরেকজন সাংবাদিক জানতে চান, গঙ্গা পানি চুক্তি ইস্যুতে যৌথ নদী কমিশনের আওতায় সর্বশেষ বৈঠক হয়েছে ঢাকায়। সেটাই শেষ বৈঠক বলে আমাদের জানানো হয়েছে। তাহলে এই পানি চুক্তির ভবিষ্যৎ কি? মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা করার একটি প্রচলিত কাঠামো রয়েছে। আমাদের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে, যারা আন্তঃসীমান্ত সব নদী নিয়ে কাজ করে, যার মধ্যে গঙ্গাও রয়েছে।’ সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, ‘সম্প্রতি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, টন টন বিস্ফোরক ও অন্যান্য অস্ত্র নিয়ে বাংলাদেশের মোংলা বন্দরগামী একটি জাহাজ তারা আটক করেছে। এসব বিস্ফোরক কাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? ভারতের সরকার কি এই বিষয়ে কিছু জানে?’ এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরাও এই ধরনের কিছু প্রতিবেদন দেখেছি। এক্ষেত্রে আমাদের স্বার্থের বিষয় বিবেচনায় রেখে আমরা পুরো ঘটনার দিকে নজর রাখছি এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost