
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ টাকা মূল্যের ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন ও মাদকের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পীরগঞ্জ সীমান্তের একটি সন্দেহজনক স্থানে তল্লাশি করে ১ লাখ টাকা মূল্যের ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর ও আপসহীন। চোরাচালানিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সীমান্তে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি তার দায়িত্ব পালনে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply