
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ মিরান আলিম মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্যের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। অভিযোগ উঠেছে, শিক্ষকদের দায়িত্বে অবহেলা, নিয়মিত ক্লাস না হওয়া, অভ্যন্তরীণ কোন্দল ও দুর্বল তদারকির কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। অথচ মাদ্রাসার আলিম বিভাগের আটজন শিক্ষকের পেছনে সরকারি তহবিল থেকে প্রতি মাসে প্রায় ৭ লাখ টাকা ব্যয় হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৬ সালের আলিম পরীক্ষায় রামগঞ্জ উপজেলার ১৪টি মাদ্রাসা থেকে মোট ৩৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। উপজেলায় গড় পাসের হার ৪২ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ। এমন পরিস্থিতিতে হযরত শাহ মিরান আলিম মাদ্রাসার শূন্য পাসের হার নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে ২০২৩ সালের আলিম পরীক্ষায়ও প্রতিষ্ঠানটি থেকে মাত্র একজন শিক্ষার্থী পাস করেছিল। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের নিয়মিত ক্লাস না নেওয়া, দুর্বল তদারকি এবং জবাবদিহিতার অভাবের কারণে শিক্ষার্থীদের এই পরিণতি হয়েছে। বছরের পর বছর সরকারি সুযোগ-সুবিধা ও অনুদান গ্রহণ করেও শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ১৯৯৬ সালে আলিম পর্যায়ে উন্নীত হওয়া প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে। সংশ্লিষ্টদের দাবি, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত মাদ্রাসাটিকে কেন্দ্র করে প্রায় ৫০টি মামলা-মোকদ্দমা হয়েছে। দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের কারণে প্রতিষ্ঠানে নিয়মিত পরিচালনা কমিটিও নেই। এ ছাড়া অভিভাবকদের অসচেতনতা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগী হয়ে মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়ার বিষয়টিও শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ স্থানীয়দের অভিযোগ, আলিম বিভাগের কয়েকজন শিক্ষক নিয়মিত পাঠদান না করে দলাদলি ও বাইরের আড্ডায় সময় কাটান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, শিক্ষকদের একাংশের দায়িত্বহীনতা ও অযোগ্যতার কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ক্রমেই নিচে নেমেছে। প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ কালাম ও তালুকদার হুজুরও মাদ্রাসার অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। এমপিও বাতিলের দাবি অভিভাবকদের মাদ্রাসার অভিভাবক সদস্য মো. জাকির হোসেন মাসুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে শিক্ষকেরা সরকারের কাছ থেকে প্রতি মাসে ৭ লাখ টাকা বেতন নিয়েও বছর শেষে ১২ জন শিক্ষার্থীর একজনকেও পাস করাতে পারেন না, তাঁদের পদে থাকার কোনো অধিকার নেই। আমরা অবিলম্বে এসব শিক্ষকের এমপিও বাতিলের দাবি জানাচ্ছি।” তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল্লা আশ শামস বলেন, “মাদ্রাসার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি আমাদের নজরে এসেছে। আলিম পরীক্ষার এই শোচনীয় ফলাফলের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সুপারিশ পাঠানো হবে।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply