
নোয়াখালীর চাটখিলে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের আজাদকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে চাটখিল থানা পুলিশ উপজেলার রেজ্জাকপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরদিন শনিবার (১০ অক্টোবর) আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীর (৩৪) ঢাকার মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে আবু তাহের আজাদকে গ্রেপ্তার করে। হোসেন তানভীরের অভিযোগ, আবু তাহের আজাদ ও চাটখিলের বাসিন্দা অস্ট্রেলিয়াপ্রবাসী মো. কাজী পারভেজ দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে শত্রুতা পোষণ করে আসছেন। পারভেজের প্ররোচনায় আবু তাহের আজাদ তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। পাশাপাশি ফেসবুক ও মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। তানভীর আরও বলেন, ধারাবাহিক হুমকির কারণে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় চাটখিল থানা পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে, ছাত্রদলের সাবেক আরেক নেতা আহসান হাবিব অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রেজ্জাকপুর ওয়ার্ডে আবু তাহের আজাদের কর্মকাণ্ডে দলের সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁর অভিযোগ, চাঁদাবাজি, নলকূপ, বাথরুম ও পুকুরের গাইডওয়াল নির্মাণের মতো সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া এবং সালিশের নামে মানুষকে হুমকি-ধমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আহসান হাবিবের দাবি, এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে আবু তাহের আজাদের বিরুদ্ধে দ্রুত দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “মোবাইল ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় জিডি ছিল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।” তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক সচেষ্ট রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply