
চুয়াডাঙ্গার জীবননগরে আচার কিনে রাস্তা পার হওয়ার সময় মায়ের সামনেই প্রাণ হারিয়েছে রোজা নামের সাড়ে ৪ বছরের এক শিশু। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আচার কেনার উদ্দেশ্যে রাস্তা পার হয়ে এক দোকানে যায় রোজা। সেখান থেকে দৌড়ে রাস্তা পার হয়ে মায়ের কাছে ফেরার সময় দ্রুতগামী বেকারি মাল বোঝাই একটি ইজি বাইকের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়।
এতে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। একই সঙ্গে নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। স্থানীয় লোকজন উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রোজার মা রুপা খাতুন জানান, ‘আমার কোল থেকে নেমে দোকানে চলে যায় রোজা। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। আমার মেয়ে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়ে আসছিল। তারপর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিল।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, সেনেরহুদা গ্রামে ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা যাওয়ার খবর শুনেছি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply