
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুয়া পদবিধারী এক ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৬ মে) জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বায়তুল মামুর চক্ষু হাসপাতালে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত তাফহিমুল হোসাইন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এ সময় তার প্রয়োজনীয় সনদপত্র ও বৈধতা যাচাই করে অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানা পুলিশের একটি টিম। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply