
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কয়েকজন কৃষক কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ইকো পার্কের পাশে একটি খাদে মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে নীল রঙের একটি আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতের কোনো একসময় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল রাস্তার পাশের একটি খেজুরগাছে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের বাবা ইলিয়াস হোসেন বলেন, তাঁর ছেলে রাজমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর আর বাড়ি ফেরেননি। সারা রাত তাঁর মোবাইল ফোনে কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বুধবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান তিনি। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply