
শিক্ষার্থীদের আধুনিক, দক্ষ ও আত্মবিশ্বাসী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বরগুনার আমতলীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার এসব শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন করা কার্যক্রমের মধ্যে রয়েছে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব এবং কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও আমতলী সরকারি আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম। জেলা প্রশাসক কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রচলিত পাঠদানের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস থাকা জরুরি। ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব শিক্ষার্থীদের এসব দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর ফলে শিক্ষার্থীরা আধুনিক ও ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে। এতে পাঠদান আরও আকর্ষণীয় ও কার্যকর হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ভাষা চর্চা, বিতর্ক ও প্রযুক্তিনির্ভর পাঠদানের সমন্বয় শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমতলীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply