
দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের লাগানো পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ৮ নম্বর কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বিটের অধীন জয়পুর মৌজার উবরার ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ওই এলাকার বিভিন্ন প্রজাতির চারাগাছ কেটে ফেলে। এতে বন বিভাগের লাগানো চারাগাছগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাছ লাগানো হলেও এভাবে চারাগাছ কেটে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে জয়পুর মৌজায় পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারাগাছ কেটে ফেলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করার তথ্য পাওয়া যায়নি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply