
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে ২২২ কেজি কার্পজাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার প্রায় ৩২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য এসব পোনা বিতরণ করা হয়। বিতরণ করা পোনার আকার ছিল ১০ থেকে ১৫ সেন্টিমিটার। মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টু, নুরুল আলম কোম্পানি, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুরসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিরা। এ সময় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ বলেন, পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। তিনি যেসব প্রতিষ্ঠান মৎস্য পোনা পেয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে পোনাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানান।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply