
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা নবীনগর গ্রামের শাহিন আলীর কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল তানিশা। এ সময় পাশে একটি ইজিবাইক চার্জে দেওয়া ছিল। চার্জিং লাইনের তারে আগে থেকেই বিদ্যুৎ লিকেজ থাকায় অসাবধানতাবশত তানিশা সেটির সংস্পর্শে আসে এবং মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে ফুটফুটে এই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো নবীনগর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply