চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের লিফটের ভেতর ৪ বছর বয়সী এক শিশুর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়ার সময় জিসান মল্লিক (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর উপজেলার উথলী গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের স্ত্রী আমেনা খাতুন অসুস্থ হয়ে সদর হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তার স্বজন রিংকির সঙ্গে শিশু মাহিয়া খাতুন (৪) লিফটযোগে নিচে নামছিল। লিফটের ভেতর সুযোগ বুঝে জিসান শিশুটির গলা থেকে প্রায় চার আনা ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। শিশুটির খালা রিংকি চিৎকার শুরু করলে আশপাশে থাকা রোগীর স্বজন ও হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে জিসানকে আটক করতে সক্ষম হন। আটক জিসান মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার বাসিন্দা রতন মল্লিকের ছেলে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply