চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গভীর রাতে বসা জুয়ার আসরে হানা দিয়ে ৬ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই জুয়াড়ি পালিয়ে যায়। অভিযানে জুয়ার বোর্ড থেকে নগদ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আমিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রামদিয়া বাজার সংলগ্ন উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মেহগনি বাগানে এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে জুয়া খেলায় মেতে ওঠা কয়েকজনকে ঘিরে ফেলে পুলিশ এবং ঘটনাস্থল থেকেই ছয়জনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন পুরাতন পাঁচলিয়া গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে আকমল মন্ডল (৪৫), রামদিয়া গ্রামের গোপাল হালদারের ছেলে ষষ্টি হালদার (৪৫), একই গ্রামের মৃত মুনসুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪৫), বদর উদ্দিনের ছেলে শাহিন মোল্লা (৩০), শ্রীনগর গ্রামের ওমর আলীর ছেলে মিলন আলী (৪২) এবং কায়েতপাড়া গ্রামের আসির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (২৬)। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রামদিয়া গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে সানোয়ার হোসেন (৫০) এবং কায়েতপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুজন আলী (৪০) পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামদিয়া গ্রামের উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের নির্জন বাগানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাতভর জুয়ার আসর বসত। আশপাশের রামদিয়া, শ্রীনগর, পাঁচলিয়া ও কায়েতপাড়াসহ বিভিন্ন গ্রাম থেকে জুয়াড়িরা এখানে এসে গভীর রাত পর্যন্ত জুয়ায় মেতে উঠত। এতে স্থানীয় এলাকায় সামাজিক অবক্ষয় ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসায় অনেক পরিবারে অশান্তি ও আর্থিক সংকট দেখা দিয়েছে। অনেক জুয়াড়ি সংসারের উপার্জনের টাকা জুয়ায় হারিয়ে পরিবারকে চরম দুর্ভোগে ফেলছে। ফলে স্ত্রী-সন্তানদের ভোগান্তি বাড়ছে এবং সামাজিক অবক্ষয়ও বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসীর দাবি, জুয়ার এই অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত অভিযান প্রয়োজন।
অভিযানকালে জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ জব্দ করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুইজনকে পলাতক দেখানো হয়েছে। গ্রেফতারকৃত ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ছবি: জুয়াড়ি ৬।
Leave a Reply