অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও গ্যাস ক্রয়-বিক্রয়ের নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চারটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার স্টেশন ও হাই রোড এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে নজরুল ইসলামের ‘আল মদিনা মিষ্টান্ন ভান্ডার’কে ৩ হাজার টাকা, আলাউদ্দীন মিয়ার ‘আলাউদ্দীন হোটেল’কে ৩ হাজার টাকা এবং শ্রী পরেশ ঘোষের ‘মেসার্স চন্দ্রনা হোটেল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৪৫ ধারায় গ্যাস ক্রয়-বিক্রয়ের নথিপত্র সংরক্ষণ না করায় মাজেদুল ইসলামের ‘আল কারীম ট্রেডার্স’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, গ্যাস ও ফলের দোকান তদারকি করা হয়েছে। এসময় মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
Leave a Reply