চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, জুলুম ও অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না। যারা মানুষের ওপর নির্যাতন চালায়, তারা জনগণের কাছে ঘৃণিত হয়। আমাদের লক্ষ্য দল-মতের ঊর্ধ্বে উঠে আলমডাঙ্গা অঞ্চলকে একটি সুন্দর, শান্তিময় ও বাসযোগ্য আবাসস্থল হিসেবে গড়ে তোলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ ও ফরিদপুর গ্রামে আয়োজিত নির্বাচন পরবর্তী এক সৌজন্য সাক্ষাৎ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এমপি রাসেল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আল্লাহ আমাদের চুয়াডাঙ্গার মানুষের খাদেম হিসেবে কবুল করেছেন। তাই জনগণের সেবাই হবে আমাদের প্রধান দায়িত্ব। মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। কেউ যেন আমাদের নাম ভাঙিয়ে খারাপ কাজ করতে না পারে এবং কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে কারও ওপর জুলুম-নিপীড়ন না চালায়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।’

পথসভায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির মো. আমান উদ্দিন, সেক্রেটারি মামুন রেজা, ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা শহিদুল হক, সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার ও অফিস সম্পাদক জহিরুল ইসলাম মজনুসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় স্থানীয় জনগণ এলাকার অবকাঠামো উন্নয়ন, রাস্তা সংস্কার ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সংসদ সদস্যের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এমপি রাসেল জনস্বার্থে এসব সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply