চুয়াডাঙ্গার দামুড়হুদায় আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস, মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান শাহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ সভাপতির বক্তব্যে ইউএনও ওবায়দুর রহমান শাহেল বলেন, ‘উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’ সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ফাহমিদা আক্তার রুনা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটোন, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম ও শিক্ষা কর্মকর্তা আবু হাসান। এছাড়াও দামুড়হুদা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশীদসহ বিজিবির বিভিন্ন কোম্পানি কমান্ডার, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply