চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং সাংবাদিকদের সঙ্গে একাধিক মতবিনিময় সভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি প্রথমে বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন। এরপর সকাল ১০টায় জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয়ে জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান। এ সময় রুহুল আমিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। জনগণের কল্যাণে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্থলবন্দর বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনই তার প্রধান লক্ষ্য। তিনি সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। দর্শনা প্রেসক্লাবে এবং দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এসব সভায় রুহুল আমিন বলেন, “হাট-ঘাট, বিল-বাঁওড় দখল করে ব্যক্তিগতভাবে সম্পদশালী হওয়ার রাজনীতি আমরা করি না। আমরা চাই দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।” তিনি আরও বলেন, গত ১৭ বছরে চুয়াডাঙ্গা-২ আসনে টেকসই উন্নয়ন হয়নি, হয়েছে ব্যক্তি উন্নয়ন। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং দালালমুক্ত রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান, নৈতিকতা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভাগুলোতে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply