চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ব্যতিক্রমী ও ধর্মীয় আবহে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন। নামাজ শেষে পিতা-মাতার কাছে দোয়া গ্রহণ করেন। এরপর নিজ গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ (১৯৮২) শিবির নেতা ডাউকি গ্রামের আইয়ুব আলীর কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদ আইয়ুব আলীর অসুস্থ মায়ের খোঁজখবর নেন ও তার সঙ্গে সাক্ষাৎ করেন। কবর জিয়ারত শেষে তিনি ডাউকি, বিনোদপুর, বাদেমাজু, ছত্রপাড়া ও হাউসপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে আলমডাঙ্গা কাঁচাবাজারে আড়ত ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাদের কাছে দোয়া কামনা করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এরপর তিনি আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক শহীদ (১৯৯৫) মোস্তাফিজুর রহমানের কবরসহ দারুস সালাম কবরস্থানের সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। প্রচারণার অংশ হিসেবে সকালে আলমডাঙ্গা শহরের হ্যামলেট ক্যাফেতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও সাবেক নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল তার নির্বাচনী ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, পানি ও বিদ্যুৎসহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ভোটের সময় শুধু কথার আশ্বাস নয়, বাস্তবসম্মত কাজের প্রতিশ্রুতি দেওয়া হবে। নির্বাচিত হলে তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো। সাধারণ মানুষ যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে এটাই আমার মূল লক্ষ্য।’ প্রচারণার শুরুতেই ধর্মীয় আনুষ্ঠানিকতা ও কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি যে মানবিকতা ও দায়িত্ববোধের বার্তা দিয়েছেন, সেটিকেই ভোটারদের কাছে তার প্রচারণার মূল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হচ্ছে। বিকেলে তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালান।
Leave a Reply