
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে রুহুল আমিন (৩৫) হত্যার ঘটনায় মামলা দায়েরের ১৬ দিন অতিবাহিত হলেও সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত খলিল উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের পুত্র রুহুল আমিনকে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহ করা হয়। এ নিয়ে একই গ্রামের কয়েকজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে অম্রবাড়ী গ্রামের প্রিন্সিপালের মোড়ে রিয়াজুলের মুদি দোকানের সামনে শফিকুল ইসলামের ভাতিজা খোরশেদকে একা পেয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রুহুল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা শফিকুল ইসলাম ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ১, তারিখ ০১/১১/২০২৬। মামলার ১৬ দিন পার হলেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের বাবা শফিকুল ইসলাম। তিনি বলেন, ছেলেকে হারানোর ১৬ দিন পেরিয়ে গেলেও অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তিনি ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ হত্যা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply