1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 24, 2026, 2:02 pm

দিনাজপুরে স্বদেশ ক্লিনিকে একদিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু, তদন্তের নির্দেশ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬
  • 32 Time View

দিনাজপুর পৌর শহরের বালুবাড়ী পানির ট্যাঙ্কি মোড় সংলগ্ন স্বদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের পর একদিনের ব্যবধানে দুই প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি তদন্তের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দিনাজপুরের সিভিল সার্জন। নিহত দুই প্রসূতি হলেন শহরের মিতু বেগম (স্বামী শামসুল আহমেদ) এবং চাঁন্দগঞ্জ এলাকার কবিতা রায় (স্বামী রনি রায়)। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে স্বদেশ ক্লিনিকে ভর্তি হন মিতু বেগম। সেখানে তাঁর সিজারিয়ান অপারেশন করেন গাইনি চিকিৎসক ডা. ফারহানা আইরিন। অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, গত ২২ অক্টোবর একই ক্লিনিকে ভর্তি হন প্রসূতি কবিতা রায়। ওই দিন সকাল ৬টা ৭ মিনিটে তাঁর সিজারিয়ান অপারেশন করেন গাইনি চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা সোমা। অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকেও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। পরপর দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পরিবারের প্রত্যেককে আড়াই লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে কোনো লিখিত সমঝোতা বা দাপ্তরিক নথি ছাড়াই মৌখিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, পরপর দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসাসেবা, জনবল ও ব্যবস্থাপনার মান যথাযথভাবে তদারকি করা প্রয়োজন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর নজরদারি ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দুটি পৃথক সিজারিয়ান অপারেশনের পর রোগীদের শারীরিক অবস্থার অবনতি, অপারেশনের আগে ও পরের চিকিৎসাসেবা, রোগী স্থানান্তরের সময় এবং সার্বিক রেফারেল ব্যবস্থাপনা পর্যালোচনা করা প্রয়োজন। সিভিল সার্জন আরও জানান, বিষয়টি খতিয়ে দেখতে সিভিল সার্জন কার্যালয় থেকে উচ্চপর্যায়ের তদন্তের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসার যাবতীয় নথিপত্র, অপারেশন থিয়েটারের রেকর্ড, অ্যানেসথেসিয়া চার্ট, চিকিৎসকদের ব্যবস্থাপত্র, রেফারেল নথি ও মৃত্যুসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে প্রকৃত ঘটনা এবং দায়দায়িত্ব নিরূপণ করা হবে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost