
দিনাজপুর ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত শনিবার (২১ নভেম্বর) রাতে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬২২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল এবং ১ হাজার ৫০ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply