1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 12:47 pm

রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 19 Time View

রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুতেই আধিপত্য বিস্তার করেছে পাকিস্তান। স্বাগতিক দলের পেস আক্রমণের সামনে দাঁড়াতে না পেরে প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানেই অলআউট হয়েছে লংকানরা।জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। এতে ২৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের লড়াইয়ে নামবে বাবর আজমের দল। পাকিস্তানের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ আব্বাস, রাওয়াল্লাহ ও আমের জামাল। তিনজনই পেয়েছেন ৩টি করে উইকেট। ব্যাট হাতে স্বাগতিকদের হয়ে দিনের নায়ক ওপেনার আজান আওয়াইস। ৪৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। অপর প্রান্তে নাইটওয়াচম্যান হিসেবে নামা সাকিব খানের সংগ্রহ ১ রান। সবুজ ঘাসে ঢাকা উইকেটে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুরু থেকেই পেসাররা উইকেটের সুবিধা কাজে লাগিয়ে লংকান ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেন। প্রথম সেশনের বিরতিতে যাওয়ার আগেই ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ইনিংসের চতুর্থ ওভারেই পাসিন্দু সুরিয়াবন্দরাকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন সাকিব খান। এরপর একে একে আঘাত হানেন আব্বাস, রাওয়াল্লাহ ও জামাল। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতেই হিমশিম খেতে হয় সফরকারীদের। অভিজ্ঞ দীনেশ চান্দিমালকে ব্যাট ও প্যাডের মাঝের ফাঁক গলে বল ঢুকিয়ে ফেরান আব্বাস। পরে কামিন্দু মেন্ডিসকেও ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। ৩২ রান করা কামিন্দুর বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় শ্রীলংকার বড় জুটি গড়ার আশা। মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত বোলিং করেন আব্বাস। অন্যদিকে গতি ও বাউন্সে ব্যাটারদের ভড়কে দেন রাওয়াল্লাহ। ঘণ্টায় ১৪৬ কিলোমিটার গতির এক ডেলিভারিতে লাহিরু উদারাকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর প্রথম টেস্টে সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার।কুশল মেন্ডিস ও সোনাল দিনুশার ব্যাটে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তোলে শ্রীলংকা। দুজনের ৪৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে আমের জামালের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন কুশল। মধ্যাহ্নভোজের বিরতির পর আর বেশিক্ষণ টিকতে পারেনি সফরকারীরা। রাওয়াল্লাহর ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফেরেন মিলান রত্নায়েকে। এরপর নিজের দ্বিতীয় স্পেলে ফিরে পরপর দুই বলে উইকেট তুলে নেন জামাল। দিনুশা ও আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে শ্রীলংকার ইনিংসের সমাপ্তি টানেন তিনি। শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। রাওয়ালপিন্ডির মাঠে এটিই কোনো দলের সর্বনিম্ন অলআউট হওয়ার রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করে পাকিস্তান। দুই ওপেনার আজান আওয়াইস ও তায়্যব আরিফের ব্যাটে আসে ৮০ রানের উদ্বোধনী জুটি। উইকেট থেকে পেসাররা সহায়তা পেলেও বেশ সংযত ও দায়িত্বশীল ব্যাটিং করেন দুজন। নতুন বলের চ্যালেঞ্জ সামলে ধীরে ধীরে স্কোরবোর্ডে রান যোগ করেন তারা। আওয়াইসের ব্যাটিংয়ে ছিল দৃষ্টিনন্দন শটের সমাহার। আসিথা ফার্নান্দোর বলে পয়েন্ট অঞ্চল দিয়ে তার একটি চার বিশেষভাবে নজর কাড়ে। অন্যদিকে কভার ড্রাইভে নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দেন আরিফও। তবে দিনের শেষ ভাগে ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলংকা। আসিথা ফার্নান্দোর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ৩৮ রান করা আরিফ বিদায় নিলে ভাঙে ৮০ রানের জুটি। এরপর অভিষেক টেস্ট খেলতে নামা মোহাম্মদ তাহাকে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান প্রবাথ জয়াসুরিয়া। দিনের শেষ দিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে বোল্ড করে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন লাহিরু কুমারা। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজের উইকেট হারান বাবর। ৮ রান করেই ফিরতে হয় তাকে। প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান। হাতে রয়েছে আরও ৭ উইকেট, সঙ্গে ২৩ রানের লিড। ৪৭ রানে অপরাজিত থাকা আওয়াইসের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে স্বাগতিকরা। অন্যদিকে দ্বিতীয় দিনে দ্রুত পাকিস্তানের বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচে সমতা ফেরাতে চাইবে শ্রীলংকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost