
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় তিনজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, শাহমখদুম থানার ভোগরাইল গ্রামের সিরাজুল আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮), বড়বনগ্রাম শেখপাড়া এলাকার মানিক খানের ছেলে মো. নিরব আহম্মেদ (২০) এবং তানোর থানার নোনাপুকুর গ্রামের গুলবর আলীর ছেলে মো. শাকিরুর ইসলাম (২৮)। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গীর আলম ও নিরব আহম্মেদকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে, শাকিরুর ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান এবং আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply