
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। পুলিশ জানায়, শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। সেই সুবাদে ২০১৫ সালে তাঁর নামে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। অভিযোগ রয়েছে, ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে এনপিএসবি নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিভিন্ন ব্যাংকের একাধিক হিসাবে অর্থ স্থানান্তর করেন তিনি। প্রাথমিক পর্যায়ে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করা হয়। যা ক্রেডিট কার্ডের অনুমোদিত সীমার চেয়ে বেশি। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়। পুলিশের বিশেষ দলটি টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ইসলাম রিপন ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের নিজ বাড়ির শয়নকক্ষের কাঠের আলমারিতে রাখা একটি ব্যাগ থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধকাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রতারণার মাধ্যমে ব্যাংকের অর্থ উত্তোলন করে প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনার পাশাপাশি তাঁরা বিলাসবহুল জীবনযাপন করছিলেন বলেও তদন্তে উঠে এসেছে। তবে এ প্রতারণার সঙ্গে অন্য কোনো ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং অর্থ আত্মসাতের পুরো প্রক্রিয়া উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply