
সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। একই সঙ্গে দেশের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ন রাখতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে বিজিবির সম্মেলনকেন্দ্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আয়োজিত এ সভায় সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ, মাদক ও স্বর্ণ পাচার, সীমান্তের বিভিন্ন জটিলতা এবং বিজিবি ও গণমাধ্যমের মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়। সভায় কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সীমান্তের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। সীমান্তে কোনো ঘটনা বা অপরাধের তথ্য পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য বিজিবিকে জানানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের ভাবমূর্তি রক্ষায় বিজিবি ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন এবং সীমান্তের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, মাদক, স্বর্ণ পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো দলীয় সংগঠনের নেতাকর্মী কিংবা দুষ্কৃতকারীরা যাতে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তবর্তী এলাকার মানুষকে চোরাচালান ও অবৈধ পারাপার থেকে দূরে রাখতে এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা সীমান্তের বিভিন্ন সমস্যা, চোরাচালান, স্বর্ণ পাচার ও মাদক প্রবেশসহ নানা জটিলতার বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে বিজিবির সঙ্গে সাংবাদিকদের নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক এম এ মামুন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply