
দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বিরল উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করে ৪২ বিজিবির অধীনস্থ এনায়েতপুর বিওপির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা। বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক পাচারের প্রতিটি অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের শনাক্ত ও প্রতিরোধে বিজিবি সক্ষম। তিনি আরও বলেন, বিজিবির লক্ষ্য শুধু মাদক উদ্ধার নয়, বরং মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। সীমান্তের প্রতিটি ইঞ্চিতে বিজিবির সতর্ক দৃষ্টি রয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply