অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ, নিজের জীবন ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরলেন পুলিশ কর্মকর্তা
শাহাদাত হোসেন, রাজশাহী
Update Time :
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
45 Time View
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এক পুলিশ কর্মকর্তা। নিজের জন্মস্থান, শিক্ষাজীবন, কর্মজীবন ও দীর্ঘ ১৬ বছরের পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে এসব প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন তিনি। ওই কর্মকর্তা জানান, তাঁর জন্ম রাজশাহী জেলার বাগমারা থানায়। বর্তমানে তিনি বগুড়া সদর উপজেলার পিটিআই মোড় এলাকায় বসবাস করেন। শিক্ষাজীবনে বাগমারার বান্দাইখাড়া থেকে স্টার মার্কস নিয়ে এসএসসি পাস করেন। পরে দুর্গাপুরের দাওকান্দি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অধ্যয়ন করে বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস সম্পন্ন করেন। তিনি জানান, মাস্টার্সে অধ্যয়নকালে জীবনের প্রথমবার ঢাকায় যান। তবে ঢাকায় কখনো পড়াশোনা কিংবা চাকরি করার সুযোগ হয়নি। নিজের চাকরিজীবনের বিভিন্ন প্রতিকূলতার কথা তুলে ধরে ওই কর্মকর্তা বলেন, ২০১৬ ব্যাচের সহকর্মীদের সঙ্গে তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়নি। এ ছাড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—এমন লিখিত অভিযোগ পুলিশ হেডকোয়ার্টার্সে দেওয়ার পর টানা তিন বছর হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, তৎকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা অর্থ মামলার রায়ে খালাস পাওয়ার পর দায়িত্ব পালনরত অবস্থায় বগুড়া জেলা বিএনপির তৎকালীন সভাপতি ভিপি সাইফুলের কাছ থেকে মিষ্টি খাওয়ার একটি ছবি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এরপর তাঁকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ ১৬ বছরের চাকরিজীবনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেছেন দাবি করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের সময়ে পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল ও পেশাদার অবস্থানে দাঁড় করাতে যখন সর্বোচ্চ চেষ্টা করছেন, ঠিক তখনই আবারও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যারা তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাঁরা কি তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন? কখনো কি তাঁর কাছে এসেছেন? তাঁরা কার স্বার্থে এসব করছেন? সবশেষে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহকে ভয় করুন। মিথ্যা অপপ্রচার ছড়ানো বন্ধ করুন। অতীতেও ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারেননি, এবারও পারবেন না।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply