1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 14, 2026, 8:39 pm

ভোরের শিশিরকণায় শীতের আগমনী বার্তা, কুয়াশায় ঢাকছে রামগঞ্জ

মো. ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ১১, ২০২৬
  • 68 Time View

ভোরের ঘাসে জমেছে শিশিরবিন্দু। মাঠজুড়ে হালকা কুয়াশার চাদর। কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্যের মিষ্টি আলো। প্রকৃতির এমন স্নিগ্ধ রূপে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অনুভূত হতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। রোববার (১১ অক্টোবর) ভোর থেকে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে কুয়াশার উপস্থিতি দেখা যায়। রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত হালকা হিমেল বাতাসের সঙ্গে কুয়াশা নামছে। দিনের বেলায় উষ্ণতা কিছুটা বেশি থাকলেও সকাল ও সন্ধ্যায় আবহাওয়ায় পরিবর্তন অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা। সকালের আলোয় সবুজ ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু মুক্তোর মতো ঝলমল করছে। বিস্তীর্ণ ফসলের মাঠে কুয়াশার আবরণ তৈরি করেছে এক মনোরম পরিবেশ। ভোরের এমন স্নিগ্ধ দৃশ্য উপভোগ করছেন ফজরের নামাজ শেষে বাড়ি ফেরা মুসল্লি, প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষ ও কর্মজীবীরা। তবে কুয়াশার কারণে কোথাও কোথাও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই গ্রামীণ মাঠঘাটে কুয়াশার হালকা আবরণ পড়তে শুরু করছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিমেল বাতাস ও কুয়াশার উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে। সব মিলিয়ে হেমন্তের শুরুতেই প্রকৃতিতে দেখা দিচ্ছে শীতের আগমনী ছোঁয়া। এদিকে, রামগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন আগাম শীতকালীন ফসল চাষে। কোথাও চলছে জমি প্রস্তুত, কোথাও বীজ বপন ও চারা রোপণের কাজ। নতুন গজিয়ে ওঠা চারাগাছের পাতায় জমছে শিশিরবিন্দু। তবে আগাম কুয়াশা ফসলের ওপর কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন কৃষকেরা। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, “হঠাৎ করেই সকালে চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। সবুজ ঘাসে শিশিরবিন্দু দেখে বেশ ভালো লেগেছে। প্রকৃতির এই পরিবর্তন জানান দিচ্ছে, শীত হয়তো আর বেশি দূরে নয়।” রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আবু তাহের বলেন, প্রকৃতির এই পরিবর্তনে গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। কুয়াশায় ঢাকা ভোর, শিশিরভেজা ঘাস ও মিষ্টি রোদের মায়াবী পরিবেশে এখন থেকেই শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। প্রকৃতির এই স্নিগ্ধ রূপ মানুষের মনে প্রশান্তি এনে দিচ্ছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, “প্রকৃতিতে ঋতু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে স্পষ্ট হচ্ছে। ভোরে কুয়াশা ও শিশিরের উপস্থিতি শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে। তবে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি পরিবারের সদস্যদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।” রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বলেন, বিরূপ আবহাওয়ার কারণে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। অনেক শিশু জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। প্রকৃতির এই পরিবর্তনে রামগঞ্জের গ্রামীণ জনপদে এখন শীতের আগমনী আবহ। ভোরের শিশির, কুয়াশার চাদর আর হিমেল বাতাস যেন নীরবে জানিয়ে দিচ্ছে—শীতের দিন আর খুব বেশি দূরে নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost