
ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘সাইনিং লাইফ স্কুল ও থেরাপি সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের বিএনএসবি চক্ষু হাসপাতাল রোডসংলগ্ন এলাকায় এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. মো. সাদেক আলী এবং ব্রেইন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শফিকুর রহমান তরুণ। উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের সভাপতি অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম। স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মো. জিয়াউল হক, ডা. মো. হাফিজুল ইসলাম, ডা. মো. রইছ উদ্দিন, ডা. মাস্তুরা বেগম এবং দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহনেওয়াজ। বক্তব্যে অধ্যাপক ডা. শফিকুর রহমান তরুণ বলেন, দিনাজপুরবাসীর দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রোগীদের জন্য অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির সেবা দেওয়া হচ্ছে। এ ধরনের সেবা আরও বিস্তৃত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. মো. সাদেক আলী বলেন, মানবতার কল্যাণে, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন ধরনের সেবা প্রদানের উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এ কার্যক্রমে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুরের সভাপতি অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম বলেন, সবার সহযোগিতা পেলে দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবায় প্রতিষ্ঠানটি একটি মডেল হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদী। সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম জুয়েল বলেন, দিনাজপুরের অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানটিকেও একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে তারা কাজ করবেন। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, ব্রেইন ফাউন্ডেশনের অধীনে এই স্থানে দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রোগীদের চিকিৎসা ও থেরাপি সেবা দেওয়া হয়ে আসছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির নির্বাহী সদস্য আদনান জুলফিকার ও আজীবন সদস্য শাহরিয়ার মাহামুদ তুষার।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply