
নোয়াখালীর চাটখিলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ প্রিয়া আক্তার পিংকি (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী হেলাল হোসেন (২৮) পালিয়ে যান।শুক্রবার (১১ সেপ্টেম্বর) চাটখিল থানাধীন সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত প্রিয়া আক্তার পিংকি সাহাপুর কাজী বাড়ির বাসিন্দা ও হেলাল হোসেনের স্ত্রী। মামলায় হেলাল হোসেনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে অ্যামফিটামিনযুক্ত ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৬৯ গ্রাম, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি Redmi মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাটখিল থানায় প্রিয়া আক্তার পিংকি ও পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১০(ক) ও ১৯(ক) ক্রমিকের অধীনে নিয়মিত মামলা দায়ের করেন।মামলায় গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply