চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রোববার রাত পৌনে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযান চলাকালে সীমান্ত পিলার ৬৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের রাসেলের পুকুরের পাশের একটি স্থানে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৪০৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করা হয়। এসব কিটের বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৪১ হাজার টাকা। বিজিবি কর্মকর্তা মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply