সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিক ভারত। পরে জিম্বাবুয়ে ও ওয়স্টে ইন্ডিজের সঙ্গে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে সূর্যকুমার যাদবরা। আজ বুধবার ইডেন গার্ডেন্সে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল। এর পরের দিন বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দুই দলের মধ্যে এটি তৃতীয় সেমিফাইনাল লড়াই। এর আগে দু’বার মুখোমুখি হয়ে একবার জিতেছে ভারত এবং একবার জিতেছে ইংল্যান্ড। ফলে পরিসংখ্যান বলছে লড়াই হবে সমান তালে। প্রথম সেমিফাইনাল হয় ২০২২ সালে অ্যাডিলেডে। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ১৬৮ রান তোলে, যেখানে বিরাট কোহলি করেন ৫০ রান এবং হার্দিক পান্ডিয়া করেন ৬৩। তবে ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস দুর্দান্ত ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতি নেয় ইংলিশরা। তবে ২০২৪ সালের সেমিফাইনালে ভারত ঘুরে দাঁড়ায়। সেই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা ৫৭ রানের ব্যাটিংয়ে ভারত ১৭১ রান করে। জবাবে ইংল্যান্ড মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় এবং ভারত ৬৮ রানে জিতে প্রতিশোধ নেয়। এবার তৃতীয় সেমিফাইনালে আবার মুখোমুখি হতে চলেছে দুই দল, যা নিয়ে উত্তেজনা তুঙ্গে। কে শেষ হাসবে, তা নিয়ে চলছে আলোচনা।
Leave a Reply