
দিনাজপুরের কাহারোলে প্রতিবন্ধী যুব ও তাঁদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) কাহারোল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দীপশিখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় এবং লিলিয়ানে ফন্ডস নেদারল্যান্ডসের অর্থায়নে পরিচালিত ‘মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইউথস উইথ ডিজঅ্যাবিলিটিজ ইন অল ডোমেইনস অব কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাহারোল থানার অফিসার ইনচার্জ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যুব, কেয়ারগিভার, ইউথ ক্লাব ও ইমপ্যাক্ট গ্রুপের সদস্যরাও উপস্থিত ছিলেন। সভাটি সার্বিক সমন্বয় ও পরিচালনা করেন দীপশিখার প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়। তিনি প্রকল্পের কার্যক্রম বিস্তারিত তুলে ধরে বলেন, সরকারি উদ্যোগে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের মাধ্যমে পরিচালিত জীবিকায়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রতিবন্ধী যুব ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হলে তাঁরা টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। তিনি আরও বলেন, প্রতিবন্ধী যুবদের সক্ষমতা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রুকুনুজ্জামান বলেন, প্রতি তিন মাস অন্তর অনলাইনে বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণের ফরম পূরণের মাধ্যমে যেকোনো যুব প্রশিক্ষণের সুযোগ নিতে পারেন। এ ছাড়া আগামী বছরের জন্য আটটি ব্যাচে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রকল্পের পক্ষ থেকে ৩০ জন প্রতিবন্ধী যুবকে নিয়ে কমিউনিটিভিত্তিক একটি ব্যাচ প্রস্তুত করা হলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম বলেন, প্রতিবন্ধী যুবদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা, তাঁদের সক্ষমতা ও আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পরিবেশ তৈরি করা অত্যন্ত সময়োপযোগী। এ জন্য স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা বাড়াতে হবে। সভায় প্রতিবন্ধী যুবদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply