1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 1:41 pm

দিনাজপুরে আবাসিক এলাকায় ৫০-৬০টি কুকুরের খামার, জনদুর্ভোগের অভিযোগ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২২, ২০২৬
  • 7 Time View
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুর সদর উপজেলার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ৫০ থেকে ৬০টি বিদেশি জাতের কুকুর নিয়ে খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে। এতে শব্দদূষণ, দুর্গন্ধ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যায় পরিবেশগত জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরে গণস্বাক্ষরিত আবেদন করেছেন এলাকাবাসী। রোববার (২২ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের গাবুড়া ব্রিজসংলগ্ন তালুকদারপাড়ার বাসিন্দারা দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এলাকার একটি বসতবাড়ির মালিক মো. মমিন ঢাকায় অবস্থান করায় বাড়িটির দেখাশোনার দায়িত্ব পালন করছেন তাঁর শ্বশুর মো. রশিদ। পরবর্তীতে তাঁর কাছ থেকে মো. সোহাগ নামে এক ব্যক্তি বাড়িটি ভাড়া নেন। ওই বাড়িতে ৫০ থেকে ৬০টি বিদেশি জাতের কুকুর নিয়ে একটি খামার গড়ে তোলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এভাবে বিপুলসংখ্যক কুকুর পালন করায় আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। দিনরাত কুকুরের ঘেউ ঘেউ, চিৎকার, দুর্গন্ধ ও বর্জ্যের কারণে পরিবেশদূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এ বিষয়ে প্রতিকারের জন্য স্থানীয়রা গণস্বাক্ষরিত আবেদন জমা দিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মুঠোফোনে জানান, ওই এলাকায় একটি কুকুরের খামার রয়েছে বলে তাঁরা অবগত আছেন। তবে খামারটির কোনো নিবন্ধন করা হয়নি। খামারি সোহাগের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, “কোনো প্রাণী পালনের অধিকারকে আমরা সম্মান করি। তবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় মানুষের বসবাসের পরিবেশ, জনস্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।” অভিযোগকারীদের দাবি, সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরিত আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো সুরাহা হয়নি। তাঁদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।খামারের অবস্থান, বর্জ্য ব্যবস্থাপনা, শব্দদূষণ ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব সরেজমিনে পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তালুকদারপাড়ার বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost