
আর্থিক অসচ্ছলতা দমাতে পারেনি অদম্য মেধা ও উচ্চশিক্ষার স্বপ্ন। প্রতিকূলতার মধ্যেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনার কুমরাখালী গ্রামের কনা রানী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে এবার তাঁর পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন। রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের উদ্যোগে কনা রানীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজের সার্বিক প্রচেষ্টায় এ সহায়তার ব্যবস্থা করা হয়। কনা রানী বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের গৌতম হাওলাদারের মেয়ে। পরিবারের আর্থিক অসচ্ছলতার মধ্যেও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কনা। তবে আর্থিক সংকট তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের এই আর্থিক সহায়তা তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি ও উচ্চশিক্ষা অর্জনের পথে নতুন আশার সঞ্চার করেছে। সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, “মেধা ও যোগ্যতা কখনো আর্থিক অসচ্ছলতার কারণে থেমে থাকতে পারে না। একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নপূরণে সমাজ ও রাষ্ট্রের সবার এগিয়ে আসা প্রয়োজন। কনা রানীর মতো মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন আন্তরিক। মেধার বিকাশ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।” এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অমিনেষ বিশ্বাস, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। জেলা প্রশাসনের এই উদ্যোগ কনা রানীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক সংকটে থাকা অন্য মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেও সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো অনুপ্রাণিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply