
চুয়াডাঙ্গায় ডিসি অফিসের নারী কর্মকর্তা কর্মচারিদের সুবিধার্থে নামাজের কক্ষ ও ব্রেস্টফিডিংসহ ডে-কেয়ার কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের এক কক্ষে এ উদ্বোধনের আয়োজন করা হয়। কর্ণারটি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। কর্ণারে নারীদের সুবিধার জন্য রয়েছে একটি সুসজ্জিত নামাজের কক্ষ ও ব্রেস্টফিডিংয়ের জন্য আরেকটি কক্ষ। এছাড়া রয়েছে বিশ্রামাগারের জন্য বসার স্থান। উদ্বোধনের সময়ে কর্ণারটি ঘুরে দেখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এসময় তিনি বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ে নারী সহকর্মীদের জন্য ছিল না ব্রেস্ট ফিডিং কর্ণার ও নামাজের স্থান এবং ডে-কেয়ার সেন্টার। সেইদিক বিবেচনা করে নারীদের জন্য এই উদ্যোগ বাস্তবায়ন করা হলো।
‘লুৎফুন নাহার আরও বলেন, ‘কার্যালয়ে অনেক নারী সহকর্মী আছে। তারা অনেকসময় ছোট বাচ্চা নিয়ে অফিস করে। কর্মজীবী নারীরা কাজের মধ্যে নিরাপদের সাথে তাদের বাচ্চাদের ব্রেস্টফিডিং করাতে পারবে। সেই সাথে সঠিক সময়ে নামাজ আদায় করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের ছিল নারী বান্ধব কর্মপরিবেশ। সেদিকে লক্ষ্য রেখে এই উদ্যোগ বাস্তবায়ন করা হলো। এতে নারীরা অফিসে কাজের মনোনিবেশ করতে পারবে। ‘উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হুমায়ুন কবীর, রেভিনিউ ডেপুটি কালেক্টর এস.এম আশিস মোমতাজ, নেজারত ডেপুটি কালেক্টর ফাহাদ চৌধুরী, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, প্রমুখ।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply