
বরগুনার বামনা শহরকে বিশখালী নদীর ভাঙন থেকে রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের নদীতীর প্রতিরক্ষা এবং পোল্ডার এলাকার টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নদীভাঙন ও পানি ব্যবস্থাপনাসংক্রান্ত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা দপ্তর থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো এক দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় তিনটি প্রধান কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এগুলো হলো—বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের নদীতীর প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১ডি এলাকার অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১১ কোটি ৩৩ লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। তবে এখনো প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়নি। মন্ত্রণালয়ের যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়া শেষে বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হবে। পাউবোর দাপ্তরিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যাচাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করা হয়। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনর্গঠিত প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিশখালী নদীর অব্যাহত ভাঙনে বামনা উপজেলার নদীতীরবর্তী বসতি, কৃষিজমি, যোগাযোগ অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভাঙনের আশঙ্কা বেড়ে যায়। অন্যদিকে পোল্ডারের অভ্যন্তরে পানি নিষ্কাশন ও ব্যবস্থাপনাসংক্রান্ত সমস্যায় কৃষি উৎপাদন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পে এসব সমস্যা সমাধানে নদীতীর প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণের পাশাপাশি কার্যকর পানি ব্যবস্থাপনার পরিকল্পনা রাখা হয়েছে।
উপকূলীয় উন্নয়নে চীফ হুইপের গুরুত্বারোপ
এর আগে গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি। সভায় উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, নদীভাঙন, জলাবদ্ধতা, যোগাযোগব্যবস্থা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। চীফ হুইপ বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার, ব্যয় সাশ্রয় এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে বামনা, বেতাগী ও পাথরঘাটাসহ উপকূলীয় এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের মান, ব্যয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন বাস্তবায়নগত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত প্রকল্পটি দ্রুত অনুমোদন পেয়ে বাস্তবায়ন শুরু হলে বামনা শহর, নদীতীরবর্তী জনপদ, গুরুত্বপূর্ণ লঞ্চঘাট এবং কৃষিনির্ভর পোল্ডার এলাকার দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হবে। একই সঙ্গে উপকূলীয় জনপদের সুরক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply