
শাহাদাত হোসেন, রাজশাহী:
রাজশাহীর পবা থানায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জাকিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি খেলনা পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে মহানগরীর নওহাটা ছাগল হাটসংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পবা থানার মধুসুদনপুর এলাকায় অভিযান চালিয়ে জাকিরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে খেলনা পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জাকিরুল ইসলামকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, মামলাটির তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply