1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:57 am

হাবিপ্রবিতে প্যানজিনোমভিত্তিক বাকহুইট প্রজনন ও জলবায়ু-সহনশীল কৃষি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 23 Time View

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্যানজিনোমভিত্তিক টারটারি বাকহুইট প্রজনন ও জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের কনফারেন্স রুমে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের (সিএএএস) ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সেসের অধ্যাপক ড. মেইলিয়াং ঝো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগকে ধন্যবাদ জানাই। বিশেষ করে অধ্যাপক ড. মেইলিয়াং ঝো সুদূর বেইজিং থেকে এসে প্যানজিনোমভিত্তিক প্রজনন প্রযুক্তির মাধ্যমে টারটারি বাকহুইটের অভিযোজন ক্ষমতা ও ফলন বৃদ্ধির বিষয়ে তাঁর গবেষণালব্ধ জ্ঞান ভাগ করে নিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস বিশ্বজুড়ে কৃষি গবেষণায় সুপরিচিত একটি প্রতিষ্ঠান। এ সেমিনার হাবিপ্রবি ও সিএএএসের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তরুণ গবেষক ও শিক্ষার্থীরা আধুনিক জিনোমিক্স ও প্যানজিনোম প্রযুক্তির জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু সাঈদসহ এগ্রিকালচার অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা। সেমিনারে প্যানজিনোমভিত্তিক গবেষণার মাধ্যমে ফসলের জিনগত বৈচিত্র্য শনাক্ত, উন্নত জাত উদ্ভাবন এবং প্রতিকূল পরিবেশে ফসলের অভিযোজন ক্ষমতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হয়। আলোচনায় বাকহুইটের পুষ্টিগুণ ও কৃষিতে এর সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। বাকহুইট প্রকৃত শস্য নয়, এটি একটি ছদ্মশস্য। কমন বাকহুইট ও টারটারি বাকহুইটের দানায় প্রোটিন, খাদ্যআঁশ, লাইসিনসহ অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদান রয়েছে। এটি প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত হওয়ায় গ্লুটেনমুক্ত খাদ্যাভ্যাস অনুসরণকারীদের জন্যও সম্ভাবনাময় খাদ্য। এতে আরও বলা হয়, বাকহুইটে থাকা রুটিন ও কুয়েরসেটিনের মতো ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। পাশাপাশি রক্তে গ্লুকোজ ও লিপিডের নির্দিষ্ট সূচকের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়েও বৈজ্ঞানিক গবেষণা রয়েছে। বক্তারা জানান, স্বল্পমেয়াদি ও তুলনামূলক কম উপকরণনির্ভর ফসল হিসেবে বাকহুইট কৃষিতে বৈচিত্র্য আনা এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে। তবে অতিরিক্ত তাপমাত্রা, পানির সংকট এবং পরিবেশভেদে জাতের ভিন্ন প্রতিক্রিয়া এর উৎপাদনশীলতায় প্রভাব ফেলতে পারে। তাই বাংলাদেশে উপযোগী জাত নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে গবেষণা, পরীক্ষামূলক চাষ ও কৃষিতাত্ত্বিক মূল্যায়ন প্রয়োজন। সেমিনারে বাংলাদেশের প্রেক্ষাপটে বাকহুইটের জার্মপ্লাজম মূল্যায়ন, জিনোম ও আণবিক বৈশিষ্ট্য নির্ধারণ, উপযোগী উৎপাদন পদ্ধতি উদ্ভাবন এবং এ ফসল থেকে আটা, নুডলসসহ বিভিন্ন মূল্যসংযোজিত খাদ্যপণ্য তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের ফসল বৈচিত্র্যকরণ ও পুষ্টিনিরাপত্তার অগ্রাধিকারকে সমন্বিত করে ভবিষ্যতে যৌথ গবেষণা ও সহযোগিতা সম্প্রসারণই ছিল এ আন্তর্জাতিক সেমিনারের অন্যতম প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost