
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সব সরকারি দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ, প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম তদারকিতে প্রতি মাসে মোবাইল কোর্ট পরিচালনাসহ তিন দফা নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সব সরকারি দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করতে হবে। আগামী ডিসেম্বর মাসের জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রতিটি দপ্তরকে ওয়েবসাইট হালনাগাদের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে। তিনি আরও বলেন, প্রতি শনিবার প্রত্যেক সরকারি দপ্তর ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি মাসে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেন। সভায় বক্তব্য দেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং জনসেবার মানোন্নয়নে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার সব সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply