
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের ১৪৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে ৪২ বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পার্বতীপুর বিওপির একটি দল। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের ১৪৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তকে মাদক ও চোরাচালান থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ দমনে সীমান্তে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply