1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:21 am

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 25 Time View

চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে যায়। তবে বাজারের নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ হামলার ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি ব্যাংকটি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, নিক্ষেপ করা চারটি বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়। এর একটি ব্যাংকের প্রধান দরজার সামনে এবং অন্যটি সিঁড়ির পাশে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। এ সময় বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁর তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই রক্ষা পায় ব্যাংক শাখাটি। ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। পরে পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজে রাত পৌনে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবককে ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। বিস্ফোরণের পর আগুন ধরে গেলে নৈশপ্রহরী দ্রুত তা নিভিয়ে ফেলেন। তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে ব্যাংক শাখার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমাজাতীয় বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়লেও এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই সঙ্গে কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost