
শাহাদাত হোসেন, রাজশাহী:
রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি রোগী পরিবহনে ভোগান্তি কমাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগের সামনে এ দুটি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের উদ্যোগে রোগীবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ছাড়াও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. মো. ওয়াসিম হোসেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. মো. মোফাখখারুল ইসলাম, রামেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ, ড্যাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, হাসপাতালের মুখপাত্র সহযোগী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ, বিভিন্ন বিভাগের প্রধান এবং অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির নেতারা বক্তব্য দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও দর্শনার্থীর সমাগম ঘটে। তাঁদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে পুলিশ বক্সটি স্থাপন করা হয়েছে। অন্যদিকে, জরুরি রোগী স্থানান্তর ও মরদেহ পরিবহনের ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের প্রাপ্যতা এবং ভাড়া নিয়ে স্বজনদের ভোগান্তি দূর করতে বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রটি চালু করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র সহযোগী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ বলেন, রামেক হাসপাতালকে নিরাপত্তা, শৃঙ্খলা ও মানবিকতার ক্ষেত্রে একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত করাই প্রশাসনের লক্ষ্য। নতুন এ দুটি উদ্যোগের মাধ্যমে রোগী ও স্বজনদের ভোগান্তি কমবে এবং হাসপাতালের সার্বিক সেবার পরিবেশ আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply