
দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১৮ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার এনায়েতপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৪৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও মাদক পাচার চক্রের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক পাচারের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা রক্ষায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply