
শাহাদাত হোসেন, জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লিটার চোলাই মদ ও মাদক তৈরির উপকরণ ১০০ লিটার ওয়াশসহ সারতী দাসী (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের খাড়ি পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সারতী দাসীর বসতবাড়ি থেকে ৮ লিটার চোলাই মদ এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ লিটার ওয়াশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সারতী দাসী গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের খাড়ি পাড়া এলাকার রনজীত শিংয়ের স্ত্রী এবং মৃত তুলসী শিংয়ের মেয়ে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ, নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply